ফ্রেঞ্চ ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা বৃদ্ধি পাচ্ছে। সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে এমবাপ্পের কথিত মন্তব্যের কারণে দুটি চীনা ব্র্যান্ড তার সঙ্গে চুক্তি বাতিল করেছে।
এমবাপ্পে সম্প্রতি ফরাসি টক শো ‘দ্য ব্রিজ’-এ একটি মিমের কথা বলেন, যা তাকে সবচেয়ে বেশি হাসায়। তিনি বলেন, 'একটি ভিডিও আছে, যেখানে একজন লোককে দেখা যায়। আমার মনে হয়, তিনি চীনের একজন স্বৈরশাসক।' কথার সময় পর্দায় মাও সে তুংয়ের মতো দেখতে একটি ছবির ওপর এমবাপ্পের মুখ বসানো ছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ বিষয়ে মন্তব্য করেন, 'আমরা এ-সংক্রান্ত প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত হয়েছি। চীনা জনগণের অনুভূতিতে আঘাত করে, এমন কথা বা আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।'
এমবাপ্পে সরাসরি মাওয়ের নাম উল্লেখ করেননি। তবে ভিডিওটির স্ক্রিনশট চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। চীনের ফুটবলবিষয়ক অনলাইন ফোরাম ‘দংছিউদি’ এমবাপ্পের মন্তব্যকে ‘অনুপযুক্ত’ বলে উল্লেখ করেছে।
চীনে জনপ্রিয় এমবাপ্পে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে বড় অঙ্কের চুক্তির জন্য পরিচিত। তার সমালোচকরা অভিযোগ করেছেন, তিনি চীনের বাজার থেকে বাণিজ্যিক সুবিধা নিচ্ছেন, অথচ এমন মন্তব্য করছেন যা দেশটির জনগণকে ক্ষুব্ধ করতে পারে।
এমবাপ্পের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়ে চীনা ব্র্যান্ডগুলো সরাসরি বিতর্কিত ভিডিওটির কথা উল্লেখ করেনি, তবে তারা চীনা জনগণের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি সামনে এনেছে।
মেংনিউ এবং দংপেং নামে দুটি চীনা প্রতিষ্ঠান তাদের বিবৃতিতে জানিয়েছেন, জাতীয় অনুভূতিতে আঘাত করে, এমন যেকোনো আচরণের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান রয়েছে। তবে বিতর্কিত ভিডিওটির কথা স্পষ্টভাবে উল্লেখ না করায় কিছু ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, এমবাপ্পে ঠিক কী বলেছেন যা এতটা আপত্তিকর।
এমবাপ্পের ওপর এই বিতর্কের মধ্যে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে।