হাঁটুর চোট থেকে সেরে ওঠার জন্য মাদ্রিদে না থেকে ফ্রান্স ও সুইজারল্যান্ডে সময় কাটানোয় কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনহো এই সমালোচনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
মরিনহো বলেন, 'এই সমালোচনাগুলো কি বাড়াবাড়ি? এগুলো হাস্যকর।' তিনি উল্লেখ করেন, এমবাপ্পে অন্যান্য খেলোয়াড়দের মতো শারীরিক পরীক্ষা ও চোট নির্ণয়ের জন্য এসেছিলেন এবং ফ্রান্সে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন।
এমবাপ্পের হাঁটুর আগের সমস্যার ইতিহাস রয়েছে, যা উপেক্ষা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন মরিনহো। তিনি সাংবাদিকদের জানান, ফুটবলসংক্রান্ত বিষয় নিয়ে সমালোচনা করেই সন্তুষ্ট থাকতে পারেননি অনেকে, বরং ব্যক্তিগত বিষয়ও টেনে আনা হয়েছে।
মরিনহো আরো বলেন, 'নাইটক্লাবের বিষয়টি আসলে কোনো নাইটক্লাবের আয়োজন ছিল না; এটি ফ্যাশন উইকের একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল।' সুইজারল্যান্ডে এমবাপ্পের সাইকেল চালানোর ছবির প্রসঙ্গেও তিনি ব্যাখ্যা দেন।
তিনি জানান, এমবাপ্পে যে হোটেলে ছিলেন, সেখানে অতিথিরা সাইকেল চালাতে পারেন। মরিনহো বলেন, 'এমনভাবে তুলে ধরা হচ্ছে, যেন সে সুইজারল্যান্ডের সাইকেল রেসে প্রতিদ্বন্দ্বিতা করছিল।'
এদিকে, এমবাপ্পে বুধবার থেকে আবার অনুশীলনে ফিরেছেন এবং শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। তবে, দর্শকদের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে কি না, বিষয়টিকে গুরুত্ব দেননি মরিনহো।
মরিনহো এমবাপ্পের দায়িত্ব পালনের বিষয়ে আস্থা প্রকাশ করে বলেন, 'তিনি রিয়াল মাদ্রিদের প্রতি তার দায়িত্বগুলো পালন করেছেন।'