শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ভোক্তা অভিযোগের ৬১% অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে

অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগ বেড়ে গেছে, ৬১% অভিযোগই এ সংক্রান্ত।

ভোক্তা অভিযোগের ৬১% অনলাইন কেনাকাটায় প্রতারণা নিয়ে

গত অর্থবছরে ভোক্তা অধিদপ্তরে জমা পড়া অভিযোগের মধ্যে ৬১ শতাংশই অনলাইন কেনাকাটায় প্রতারণা সম্পর্কিত। এ তথ্য জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম।

অনলাইনে শিশুদের পোশাক কিনে ক্ষতিগ্রস্ত এক ভুক্তভোগী জানান, ৩০০ টাকায় কেনা পোশাক একবার ধোয়ার পরই রঙ উঠে গেছে। তিনি বলেন, 'আমি প্রথমে একবার ধুয়ে তারপর বাচ্চাকে পরাব। একবার ধুয়ে এনে দেখি পুরো পোশাকে রং ছড়িয়ে গেছে।'

অনেক গ্রাহক অভিযোগ করেছেন যে, পণ্যের দাম অগ্রিম পরিশোধ করার পর বিক্রেতা আর যোগাযোগ করেন না। অন্য এক ভুক্তভোগী বলেন, 'আমি ফোনের কভার অর্ডার করেছি। ডেলিভারির পর দেখে একদম ভিন্ন রং। আমি ওদের নম্বরে কল করলাম। ওরা বলল রিফান্ড করবে। কিন্তু এরপর ফোন বন্ধ করে দেয়।'

ভোক্তা অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবছরে ৫২ হাজার ৪৫৯ টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৬০ শতাংশই বিভিন্ন ফেইসবুক পেইজ এবং ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৮ হাজার অভিযোগ এসেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ই-কমার্স খাতে প্রতারণা রোধে আইন ও সংশোধনের কাজ চলছে। মহাপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, 'আইনি প্রক্রিয়ার সংশোধন হলে ই-কমার্সে ব্যবসা করতে হলে নিবন্ধন বাধ্যতামূলক হবে।'

সরকার ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা এবং ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নিবন্ধন নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়ন শুরু করেছে।

বিজ্ঞাপন