বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির তুরস্ক সফর শুরু

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তুরস্ক সফরে গেছেন, দুই দেশের সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির তুরস্ক সফর শুরু

যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমাতে উদ্যোগ নিচ্ছে কানাডা। নতুন অংশীদারত্ব গড়ে তোলার অংশ হিসেবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তুরস্ক সফরে গেছেন। বুধবার (২১ অক্টোবর) অটোয়া থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি।

আজ বৃহস্পতিবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিন শুক্রবার ইস্তাম্বুলে তুরস্কের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন কার্নি।

তুরস্কের যোগাযোগবিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানান, কার্নির এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হতে পারে।

এ সফরের মাধ্যমে তুরস্ক ও কানাডার সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা করা হচ্ছে। সফরকালে প্রতিরক্ষা ও জ্বালানিসহ চারটি খাতে সহযোগিতা জোরদারে একটি যৌথ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাবের মধ্যে বিকল্প বাজার ও বাণিজ্যিক অংশীদার খুঁজছে কানাডা। এই সফরকে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন