সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন সাত ধরনের হোম ডেকর পণ্য উন্মোচন করেছে দেশীয় ব্র্যান্ড কারুজ বাংলাদেশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট আউটলেটে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্য উন্মোচনের পাশাপাশি অতিথি ও নিয়মিত গ্রাহকদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে— বেডকভার, ক্যান্ডেল, ডোরম্যাট, বিভিন্ন ধরনের গাছ, ব্রেইডেড পণ্য, প্ল্যান্টার ও লন্ড্রি বাস্কেট। ঘর সাজানোর পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের উপযোগী এসব পণ্য কারুজের হোম ডেকর সংগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোম ডেকর ভ্লগার, ব্র্যান্ডটির নিয়মিত গ্রাহক ও কারুজ টিমের সদস্যরা। নতুন পণ্য প্রদর্শনের পাশাপাশি অতিথিদের জন্য ছিল মজার গেমস, ফটো সেশন, ঘর সাজানোর পরামর্শ, খাবার ও বিশেষ উপহারের আয়োজন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত গ্রাহকদের সব পণ্যে ১০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়। কারুজ বাংলাদেশের স্বত্বাধিকারী নুজহাত বারি বলেন, ‘সাত বছরের এই পথচলায় আমাদের সবচেয়ে বড় পাওয়া গ্রাহকদের ভালোবাসা ও আস্থা। তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই আজকের আয়োজন।’
তিনি আরও জানান, ‘এই বিশেষ দিনে নতুন কিছু পণ্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও ঘর সাজানোর জন্য নতুন নতুন ডিজাইন ও বৈচিত্র্যময় পণ্য নিয়ে কাজ করতে চাই।’
অনুষ্ঠানে অংশ নেওয়া এক হোম ডেকর ভ্লগার কারুজের পণ্যের রং ও নকশার বৈচিত্র্যের প্রশংসা করেন। তার মতে, দেশীয় একটি ব্র্যান্ডের ঘর সাজানোর এত ধরনের পণ্য নিয়ে কাজ করা প্রশংসনীয় উদ্যোগ।
এসময় একজন নিয়মিত গ্রাহক জানান, দীর্ঘদিন ধরে কারুজের পণ্য ব্যবহার করছেন তিনি। নতুন পণ্যগুলো সরাসরি দেখার সুযোগ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।
মূলত, কারুশিল্প ও কারুকার্য শব্দের ভাবনা থেকে ‘কারুজ’ নামের উৎপত্তি। দেশীয় কারিগরদের দক্ষতা ও সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে ব্র্যান্ডটি পাট, কাঠ, সুতি কাপড়সহ বিভিন্ন উপকরণে হোম ডেকর পণ্য তৈরি করে আসছে।
নতুন পণ্য উন্মোচন, গ্রাহকদের সঙ্গে মতবিনিময় ও নানা আয়োজনের মধ্য দিয়ে উত্তরার সেন্টার পয়েন্ট আউটলেটে কারুজ বাংলাদেশের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষ হয়।