পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ।
দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতাকে আটক করা হয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির সময়।
মমতার সঙ্গে আটক হয়েছেন পার্লামেন্ট সদস্য ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে। তৃণমূল কংগ্রেস জানায়, তাদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভের আগে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
এদিকে, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকেও দিল্লিতে আটক করা হয়েছে। তিনি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া–মার্কসবাদীর (সিপিআই–এম) নেতা। মানিক সরকারকে আটক করা হয়েছে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভের সময়, যেখানে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হচ্ছিল।