বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিশ্বাস নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "বার্সেলোনার মতো ক্লাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্য নির্ধারণ করা বাধ্যতামূলক।"
২০১৫ সালের পর থেকে কাতালান ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেনি। ইয়ামাল মনে করেন, ক্লাবটির ইতিহাস এবং বর্তমান স্কোয়াডের সামর্থ্য বিবেচনায় ইউরোপের সেরা হওয়ার লক্ষ্যেই এগিয়ে যাওয়া উচিত।
মুভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, "এ বছর আমরা এটি জিততে যাচ্ছি, এমন বিশ্বাস 'না' করাটা আমাদের জন্য খুবই কাপুরুষোচিত হবে।" তিনি দলের আত্মবিশ্বাসী মানসিকতা এবং ড্রেসিংরুমের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী থাকার বিষয়টিও উল্লেখ করেন।
অন্যদিকে, স্পেনের অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি বার্সেলোনাকে এখনই চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট মনে করছেন না। তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স লিগ জেতা বার্সার জন্য অবশ্যই সম্ভব, তবে দলের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ পেরোতে হবে।"
রদ্রি বলছেন, "ফুটবলে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বুঝে খেলার টুর্নামেন্ট। তাই শুধু আক্রমণাত্মক ফুটবলের ওপর নির্ভর 'না' করে ম্যাচের নিয়ন্ত্রণ এবং রক্ষণভাগের দৃঢ়তার দিকেও নজর দিতে হবে।"
দুই তারকার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও একটি বিষয়ে মিল স্পষ্ট, তা হলো বার্সেলোনা এবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের হারানো মর্যাদা ফিরে পেতে মরিয়া।