সরকার সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করার ব্যবস্থা চালু করেছে। এর ফলে বিনিয়োগকারীরা ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে মুনাফা কিংবা আসল টাকা পেতে আর ভোগান্তিতে পড়বেন না।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল সোমবার এই তথ্য জানায়। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মতে, বর্তমানে ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধিত একক গ্রাহক সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন।
প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) করা হয়। একই সময়ে দিনে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয় বলেও জানানো হয়।
নতুন এই কর্মসূচি বিপুল সংখ্যক লেনদেনে ব্যাংক হিসাবের ভুল বা অসামঞ্জস্যতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।