সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশি নারী সাজিয়া সুলতানা হ্যাপির আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য

বাংলাদেশি নারী সাজিয়া সুলতানা হ্যাপি আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন।

বাংলাদেশি নারী সাজিয়া সুলতানা হ্যাপির আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন সাজিয়া সুলতানা হ্যাপি। তিনি ফ্রান্সের নিসে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সফলভাবে শেষ করেছেন।

মেয়েদের ৪০ থেকে ৪৪ বছর বয়স শ্রেণিতে অংশ নিয়ে সাজিয়া ৭ ঘণ্টা ৫১ মিনিট ৭ সেকেন্ডে প্রতিযোগিতার ফিনিশিং লাইন অতিক্রম করেন। তার বিব নম্বর ছিল ৫১১। বয়স শ্রেণিতে ৩৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৩৫৪তম অবস্থানে রয়েছেন তিনি।

নারী প্রতিযোগীদের মধ্যে ২ হাজার ৭২৫ জনের মধ্যে সাজিয়ার অবস্থান ১ হাজার ৭০৩তম। আয়রনম্যান ৭০.৩ হলো ট্রায়াথলনের হাফ-ডিস্ট্যান্স সংস্করণ, যা ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় নিয়ে গঠিত।

দুই সন্তানের মা সাজিয়া দীর্ঘদিন ধরে ট্রায়াথলনের জন্য কঠোর প্রস্তুতি নিয়েছেন। নিয়মিত অনুশীলন ও শারীরিক সক্ষমতা ধরে রাখার মাধ্যমে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে জায়গা করে নেন।

বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ ট্রায়াথলেটদের সঙ্গে একই প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরো কোর্স শেষ করা সাজিয়ার জন্য একটি বড় অর্জন। তার এই সাফল্য আন্তর্জাতিক ট্রায়াথলনে বাংলাদেশের উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

সাজিয়ার অর্জন কেবল একটি প্রতিযোগিতা শেষ করার সাফল্য নয়, বরং ভবিষ্যতে দেশের আরও ক্রীড়াবিদকে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

বিজ্ঞাপন