বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং পদত্যাগের কারণ হিসেবে জালিয়াতির অভিযোগে তদন্তের মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার ডব্লিউএইচওর মহাসচিব টেড্রোস অ্যাডনাম গ্যাব্রিয়াসেসের কাছে পদত্যাগপত্র জমা দেন পুতুল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১১ জুলাই পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছিল। সূত্রের বরাতে জানা যায়, ১২ অক্টোবর ডব্লিউএইচও এই পদের জন্য নতুন মনোনয়ন ঘোষণা করবে।
নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া ডিসেম্বরে শুরু হবে, যেখানে আবেদনগুলো যাচাই-বাছাই করার পর ২৪ জানুয়ারি নতুন পরিচালক নির্বাচন করা হবে।
২০২৩ সালের নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে পুতুলকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছিল।