মার্কিন সেনাবাহিনীর ইরানে নিহত সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নিহত সেনাদের মধ্যে অন্যতম, মেজর অ্যালেক্স ক্লিনারের স্ত্রী লিবি ক্লিনার অভিযোগ করেছেন, পেন্টাগন নিহতদের পরিবারের জন্য অতিরিক্ত সুবিধা প্রদানে আপত্তি জানাচ্ছে।
তিনি বলেন, মার্চে বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর প্রত্যাশিত কিছু আর্থিক সুবিধা পাননি। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করায় কিছু সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
লিবি ক্লিনার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, "যুদ্ধে প্রাণ হারালেন, অথচ বলা হচ্ছে এটি যুদ্ধ নয়।" তার এই পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স নিহত সেনার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, মেজর ক্লিনারের শেষ বেতনভাতায় ঝুঁকিপূর্ণ দায়িত্বের জন্য অতিরিক্ত অর্থ অন্তর্ভুক্ত ছিল, তবে তা ভুলভাবে আলাদা খাতে দেখানো হয়েছিল। কর্মকর্তারা স্বীকার করেছেন, লিবি ক্লিনারকে শুরুতে ভুল তথ্য দেওয়া হয়েছিল।
এদিকে, আহত সেনাদের সংখ্যা নিয়েও পেন্টাগনের বিরুদ্ধে তথ্য আড়ালের অভিযোগ উঠেছে। কিছু পরিবার অভিযোগ করেছে, আহত সেনাদের প্রকৃত সংখ্যা ও তাদের আঘাতের মাত্রা খাটো করে দেখানো হচ্ছে।
মার্কিন সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।