মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস মুকুট জিতেছেন। স্থানীয় সময় ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি ১১১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন।
জোহেইরি মোলা পূর্বে মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জিতেছিলেন, যা তাকে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগ দেয়। তিনি একজন সফল মডেল এবং ফ্যাশন ব্যক্তিত্বের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক এবং সমাজকর্মী হিসেবেও পরিচিত।
প্রতিযোগিতায় গতবারের মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি তার মাথায় নীল মুকুট পরিয়ে দেন। জোহেইরি মোলা এখন থেকে আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচার অভিযানের প্রতিনিধিত্ব করবেন।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ 'বিউটি উইথ আ পারপাস' ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ছয়ে থাকলেও ফাইনালে সেরা চল্লিশে স্থান পাননি।