বলিভিয়ায় একটি সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও ৬২ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সামরিক স্থাপনার একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে। ওই স্থানে আতশবাজি ও অন্যান্য পাইরোটেকনিক সামগ্রী সংরক্ষণ করা হতো। বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে কর্মকর্তারা ধারণা করছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত আতশবাজির মজুত থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানান, ঘটনাস্থলে ১০ থেকে ১৫ জনের মৃত্যু হতে পারে। আহতদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ এক কিশোরীও রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। তারা ক্ষয়ক্ষতি পরিদর্শনের পাশাপাশি আহতদের দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
এদিকে, ঘটনাস্থলে এখনো তাপের উৎস রয়ে গেছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা, ফলে সেখানে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।