ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হওয়া মেনে নেবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের বিরামপুরে পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "এই দেশ আমাদের সবার। কোনো অবস্থাতেই ধর্মীয় ভেদাভেদ বা রাজনৈতিক ভেদাভেদের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হোক, বর্তমান সরকার তা মেনে নেবে না।" তিনি উল্লেখ করেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ একসাথে মিলেমিশে থাকবেন এবং বাংলাদেশের কল্যাণে সবাই একসাথে কাজ করবেন।
তিনি আরও বলেন, "বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান— সবাইকে নিয়েই বাংলাদেশ।" মন্ত্রী দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।