স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে।
মন্ত্রী আজ শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, ইতোমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, সরকারের ক্ষমতায় আসার পর স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি দাবি করেন, দেশের সব হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা হয়েছে।
ওসমানী হাসপাতাল সম্পর্কিত বক্তব্যে তিনি জানান, আগামী ৭ কর্মদিবসের মধ্যে ডাক্তারদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও জানান, গেল ৬ মাসে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে। সিলেটের নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোও শিগগিরই চালুর আশ্বাস দেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।