শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মেসির সম্মানে আর্জেন্টিনায় ম্যাচ থামানোর সিদ্ধান্ত

মেসির সম্মানে আর্জেন্টিনায় ম্যাচ থামানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

মেসির সম্মানে আর্জেন্টিনায় ম্যাচ থামানোর সিদ্ধান্ত

গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির সম্মানে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় মেসির সম্মানে করতালি দেওয়া হবে। মেসির পরা বিখ্যাত ১০ নম্বর জার্সির সঙ্গে মিল রেখে ১০ম মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএফএর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ারকে সম্মান জানাতেই এই আয়োজন।’

এছাড়া, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেসব স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মেসির সম্মানে একটি বিশেষ ভিডিও দেখানো হবে। মেসির অবসরের ঘোষণার পর এএফএ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও প্রকাশ করেছিল, সেটিই সেখানে দেখানো হবে।

মেসির ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে এবং ২১ বছর ধরে আকাশি-সাদা জার্সিতে তিনি খেলেছেন। এ সময় তিনি ১২৫টি গোল করেছেন এবং বিশ্বকাপসহ কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন।

অবসরের ঘোষণায় মেসি লিখেছেন, ‘আমি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। আমার আর কিছুই দেওয়ার বাকি নেই।’

বিজ্ঞাপন