শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

তাওহিদ হৃদয়ের ৩৫০ রানের রেকর্ড, তামিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস

তাওহিদ হৃদয় ৩৫০ রানে অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়লেন, ভেঙে দিলেন তামিমের ৩৩৪ রানের রেকর্ড।

তাওহিদ হৃদয়ের ৩৫০ রানের রেকর্ড, তামিমের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ব্যাট হাতে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করার পর, এবার তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন।

এতদিন এই রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে, যিনি ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে ৩৩৪ রান করেছিলেন। কিন্তু হৃদয় ৩৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়ে যান, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

গতকাল, ম্যাচের চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করে। দিনটির শুরুতে দ্রুত ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। হৃদয়ের ব্যক্তিগত রান তখন ছিল ২২৫।

নয় নম্বর ব্যাটার রেজাউর রহমানের সাথে মিলিত হয়ে তিনি প্রতিরোধ গড়ে তোলেন। অবিচল ব্যাটিংয়ে হৃদয় দ্রুতগতিতে রান তুলতে থাকেন এবং তামিমের রেকর্ড ছাড়িয়ে যান। রেজাউর রহমান ১১০ বল খেলে ৩১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস ঘোষণা করা হয় ৮ উইকেটে ৬৭৬ রানে, যেখানে হৃদয়ের নামের পাশে ৪৮১ বলে ৩৫০ রানের অপরাজিত ইনিংস।

বিজ্ঞাপন