দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ট্রিপল সেঞ্চুরি করার পর এবার তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি নিজের করে নিলেন।
এখন পর্যন্ত এই রেকর্ডটি ছিল অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের দখলে। ২০১৯ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে তিনি ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তাওহিদ হৃদয় সেই রেকর্ডটি টপকে ৩৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
ম্যাচের চতুর্থ ও শেষ দিনে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেট হাতে নিয়ে ব্যাটিং শুরু করে। শুরুতেই দ্রুত ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। হৃদয়ের ব্যক্তিগত রান ছিল ২২৫, যখন দলীয় অষ্টম উইকেটের পতন ঘটে।
হৃদয় এরপর নয় নম্বর ব্যাটার রেজাউর রহমানের সঙ্গে মিলে প্রতিরোধ গড়েন। অবিচল ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রেখে দ্রুতগতিতে রান তুলে তামিমকে ছাড়িয়ে যান তিনি। রেজাউর রহমান ১১০ বল খেলে ৩১ রানে অপরাজিত থাকেন।
দলের সংগ্রহ যখন ৮ উইকেটে ৬৭৬ রান এবং হৃদয়ের নামের পাশে ৪৮১ বলে ৩৫০ রানের অপরাজিত ইনিংস, তখন ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল।