বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ, চীনের আপত্তিতে যৌথ বিবৃতি হয়নি

জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক চীনের আপত্তিতে যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছে।

জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠক শেষ, চীনের আপত্তিতে যৌথ বিবৃতি হয়নি

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের অ্যাশভিলে অনুষ্ঠিত জি-২০ অর্থমন্ত্রীদের দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের বৈঠক কোনো যৌথ বিবৃতি ছাড়াই শেষ হয়েছে। বৈঠকটি চীনের কড়া আপত্তি এবং রাশিয়াকে কেন্দ্র করে তীব্র ভূ-রাজনৈতিক বিভাজনের মধ্যে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন। তবে বৈঠক শেষে হরমুজ প্রণালিতে নিরাপদ বাণিজ্যিক নৌ চলাচল বজায় রাখার বিষয়ে যৌথ বিবৃতির খসড়া উত্থাপন করা হলেও চীন সরাসরি অস্বীকৃতি জানায়।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ জানায়, চীনের আপত্তির কারণে যৌথ ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি। আপত্তির বিষয়গুলোতে রয়েছে—হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা, চলমান বৈশ্বিক যুদ্ধ-সংঘাতের প্রভাব, আন্তর্জাতিক অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং সার্বভৌম ঋণ পুনর্গঠন প্রক্রিয়া।

এদিকে, সম্মেলনের মঞ্চে রাশিয়াকে ঘিরে পশ্চিমা ও অন্য দেশগুলোর মধ্যে প্রকাশ্য বিভাজন দেখা যায়। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার প্রতিনিধিরা রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভের উপস্থিতি নিয়ে আপত্তি জানান। এর ফলে রুশ প্রতিনিধিকে সম্মেলনের ঐতিহ্যবাহী ‘ফ্যামিলি ফটো’ থেকে বাদ দেওয়া হয়।

অর্থমন্ত্রীদের এই অমীমাংসিত বৈঠকের পর আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে জি-২০ নেতাদের মূল শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন