টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের মুকুট ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। মাঠে সাফল্য কমলেও গত এক বছরে লস ব্ল্যাঙ্কোসদের ব্র্যান্ড মূল্য বেড়েছে ২৫ শতাংশ। ব্র্যান্ড ফাইন্যান্সের সাম্প্রতিক পর্যালোচনায় এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রিয়াল মাদ্রিদের ব্র্যান্ড মূল্য বর্তমানে ২৪০ কোটি ইউরো, যা প্রায় ২৭৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। ক্লাবটির আধিপত্যের পেছনে পুনর্নির্মিত সান্তিয়াগো বার্নাব্যুর বড় ভূমিকা রয়েছে। ২০২৫-২৬ মৌসুমে স্টেডিয়ামের পূর্ণ সক্ষমতার ব্যবহারের ফলে আয় বৃদ্ধি পাবে টিকিট, আতিথেয়তা, মিউজিয়াম ও ট্যুরিজম থেকে।
দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা, যার ব্র্যান্ড মূল্য বেড়েছে ১৫ শতাংশ। গত মৌসুমে ঘরোয়া সাফল্য ও স্পনসরশিপের কারণে ক্লাবটির ব্র্যান্ড মূল্য বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এবারের তালিকায় বড় চমক হিসেবে উঠে এসেছে আর্সেনাল, যারা ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে। আর্সেনালের ব্র্যান্ড মূল্য ২৮ শতাংশ বেড়ে ১৫০ কোটি ইউরো হয়েছে, যা তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বসেরা তিন ব্র্যান্ডের তালিকায় স্থান দিয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ, যাদের ব্র্যান্ড মূল্য প্রায় ১৭৪ কোটি ৮০ লাখ ডলার। পঞ্চম স্থান দখল করেছে পিএসজি, যার ব্র্যান্ড মূল্য ১৭৩ কোটি ৪০ লাখ ডলার।
তালিকার পরবর্তী তিনটি স্থানে রয়েছে ইংলিশ ফুটবলের তিন পরাশক্তি: ম্যানচেস্টার সিটি (১৭০ কোটি ৯০ লাখ ডলার), লিভারপুল (১৬৯ কোটি ৫০ লাখ ডলার) এবং ম্যানচেস্টার ইউনাইটেড (১৬৫ কোটি ৯০ লাখ ডলার)।
চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ড যথাক্রমে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে।