জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন ও ইউএম মোশারফ হোসেনের স্বাক্ষরিত একটি বহিষ্কারাদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বহিষ্কারাদেশে বলা হয়, মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়, কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িটি ছাড়েননি।
স্থানীয় সূত্র জানায়, রায়কালী গ্রামের প্রায় চার শতক জমির ওপর বেলাল হোসেনের দোতলা পাকা বাড়ি রয়েছে। কয়েক বছর আগে তিনি অগ্রণী ব্যাংকের জিয়ানগর শাখায় বন্ধক রেখে ১২ লাখ টাকা ঋণ নেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বেলাল হোসেন বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে যান। এ সুযোগে মিজানুর রহমান বাবু বাড়িটি দখলে নেন বলে অভিযোগ করা হচ্ছে।
বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছে।
মিজানুর রহমান বাবু বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, বাড়িটি যে জমির ওপর নির্মিত, সেটি তাদের পৈতৃক সম্পত্তি এবং বেলাল হোসেন তাদের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছেন।
আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, অভিযোগটি তদন্তের জন্য থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই বজলুর রহমান বলেন, ‘আমি এলাকায় গিয়ে মিজানুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি দাবি করেছেন যে, বাড়িটির জায়গাটি তার দাদার। তবে এ বিষয়ে থানায় বসার কথা থাকলেও মিজানুর রহমান বাবু বসেননি।’