বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারি করার অভিযোগে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় তার সতীর্থ নাহুয়েল মোলিনাকেও ৭ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার ফিফা এক বিবৃতিতে এই শাস্তির ঘোষণা দেয়।
বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠে হাতাহাতির ঘটনা ঘটে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বদলি খেলোয়াড়রা শিরোপা জয়ের উল্লাসে মাঠে ঢুকে পড়লে পারেদেস স্পেনের গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এই ঘটনায় পারেদেসের বিরুদ্ধে তিনটি এবং মোলিনার বিরুদ্ধে দুটি হামলার অভিযোগ আনা হয়।
নিষেধাজ্ঞার পাশাপাশি উভয় খেলোয়াড়কে ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। আর্জেন্টিনার কোচ রবার্তো আয়ালাকেও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে, যার জন্য দু'জনকেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে হামলার অভিযোগও আনা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) একাধিক শৃঙ্লাভঙ্গের জন্য মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এই জরিমানার মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।
ফিফা জানিয়েছে, আর্জেন্টিনার পরবর্তী দুটি ঘরের ম্যাচে দর্শকসংখ্যা স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখা হবে।
ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, শাস্তির পুরোটা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। দুই ম্যাচের একটি এবং জরিমানার ১ লাখ ডলারের শাস্তি স্থগিত রাখা হয়েছে, যার জন্য পরীক্ষামূলক মেয়াদ প্রযোজ্য হবে। সংশ্লিষ্টদের আপিল করার সুযোগ রয়েছে।