বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

৩৯ ক্লাব বদল করে ডাগআউটে জেফ থমাসের নতুন অধ্যায়

৩৯ বার ক্লাব বদল করা জেফ থমাস এখন ডাগআউটে সফল কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

৩৯ ক্লাব বদল করে ডাগআউটে জেফ থমাসের নতুন অধ্যায়

ফুটবল ক্যারিয়ারে ১৮ বছর, ৫টি ভিন্ন দেশ এবং ৩৯ বার ক্লাব বদল — ওয়েলসের ফুটবলার জেফ থমাসের জীবন যেন এক যাযাবরের গল্প।

ব্র্যাডফোর্ডে জন্ম নেওয়া থমাসের ফুটবল যাত্রা শুরু হয় রদারহাম ইউনাইটেড থেকে। তবে তরুণ বয়সের খামখেয়ালিপনার কারণে তিনি মূল দলে জায়গা পাননি। এরপর থেকেই শুরু হয় ক্লাব বদলের এক রেকর্ড সৃষ্টিকারী অধ্যায়।

থমাস ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে বারবার ফিরে আসার পাশাপাশি কানাডা, বেলজিয়াম এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও খেলেছেন। তিনি বলেন, "যখন কোন ক্লাবে কাঙ্ক্ষিত অর্থ না পেতাম, তখন অন্য ক্লাবে চলে যেতাম।"

থমাসের ক্যারিয়ারের এক মৌসুমে ৫টি ভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এখন তিনি দক্ষিণ ইয়র্কশায়ারের নবম টায়ারের দল 'ডিয়ার্ন অ্যান্ড ডিস্ট্রিক্ট'-এর প্লেয়ার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এখন তার ক্লাব প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এফএ কাপে খেলার সুযোগ পেতে যাচ্ছে, যা থমাসের জন্য একটি নতুন সাফল্য। একইসাথে, তিনি ডার্বি কাউন্টির অনূর্ধ্ব-১২ দলের কোচ হিসেবেও কাজ করছেন।

অর্থের পেছনে ছুটে এক ক্লাব থেকে অন্য ক্লাবে ঘুরে বেড়ানো থমাস এখন তরুণ শিষ্যদের শেখাচ্ছেন ধৈর্যের পাঠ। মাঠের ভেতরের যাযাবর ফুটবলারটি এখন ডাগআউটের একজন সফল কান্ডারি।

বিজ্ঞাপন