জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের পর সরকার পতনের আন্দোলন থামেনি, তাই সেই ইতিহাস সংরক্ষণ ও মূল্যায়ন করা জরুরি।
রোববার (২ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, জুলাই আন্দোলনের দাবিদার এককভাবে কেউ নন, কিন্তু অনেকেই একক কৃতিত্ব দাবি করে সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত সুযোগ-সুবিধা পেলে অনেক তরুণ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই রাজনৈতিক নেতৃত্বে আসতে হলে ত্যাগ ও নীতির প্রতি অটল থাকার আহ্বান জানান তিনি।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সংসদে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং কোন আসন চান তাও জানতে চেয়েছিলেন। তিনি মন্তব্য করেন, এমন লোভনীয় প্রস্তাবে অনেকেই জুলাইয়ের চেতনা থেকে সরে যাচ্ছেন।
এছাড়া, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। উচ্চশিক্ষা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতা বেশি, যা শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করে।