বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা ও পেশাগত উৎকর্ষকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬।
রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের সম্পন্ন করা প্রকল্প জমা দিতে পারবেন। ওয়েবসাইটে অংশগ্রহণের শর্ত, মূল্যায়ন পদ্ধতি, জুরি বোর্ড এবং প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। সে আয়োজনে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি— এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে।
আইডেবের সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে দেশের মেধাবী ডিজাইনাররা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি পাবেন।
অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সূচি, আবেদন প্রক্রিয়া ও বিভিন্ন ক্যাটাগরি তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাদের সেরা কাজ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান।
সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে এবং এ ধরনের আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে দেশের ডিজাইন শিল্পকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।
উল্লেখ্য, ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব) এ আয়োজনের আয়োজক এবং ডিজাইন ডক্টর্স স্টুডিও আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে।