যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি পশ্চিমা মিত্রদের দ্রুত নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি শুক্রবার (৩১ জুলাই) টেলিগ্রামে একটি বার্তায় বলেন, "গত রাতে মাত্র একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়েছে। কারণ, প্যাট্রিয়ট ব্যবস্থার জন্য আর কোনো ক্ষেপণাস্ত্র অবশিষ্ট নেই।"
অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ দাবি করেছেন, ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে একটি রুশ কার্গো জাহাজ ডুবে গেছে। তার মতে, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক পণ্য বহনকারী জাহাজটি হামলার শিকার হয়।
লিখাচেভ জানান, জাহাজটি রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিস্ক থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে ডুবে যায় এবং এতে থাকা ১৭ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সন্তোষজনক রয়েছে।
তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এর ফলে ঘটনাগুলোর বিষয়ে নিরপেক্ষ কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।