যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করার ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
শুক্রবার ট্রাম্প প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই নিয়ম ৩ আগস্ট থেকে কার্যকর হবে এবং এটি বি-ওয়ান ও বি-টু ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বি-ওয়ান ও বি-টু ভিসা সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য দেওয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা ভিসা ইস্যুর শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অ–অভিবাসী ভিসা আবেদনকারীকে ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন।
এছাড়া, সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তারা বন্ডের এই পরিমাণ নির্ধারণ করবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ভিসা বন্ড পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত তথ্য নির্দেশ করছে যে, বন্ড নেওয়া ভিসাধারীদের বাধ্যবাধকতা বজায় রাখতে এই পদক্ষেপ কার্যকর ফল দিয়েছে।