ইতিহাস গড়তে যাচ্ছেন ইয়ান দিওমান্দে। ছোটবেলায় জার্সি কেনার টাকা না থাকায় মার্কার দিয়ে জার্সির পেছনে ‘ক্রিস্টিয়ানো রোনালদো’ নাম লিখে খেলতেন তিনি। এখন রেয়াল মাদ্রিদ তাঁকে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ দামে কিনতে যাচ্ছে।
ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ক্লাবটি লাইপজিগের ১৯ বছর বয়সী রাইট উইঙ্গারকে পেতে ১৩ কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত খরচ করতে পারে। বাংলাদেশি অর্থে যা প্রায় ১৯০০ কোটি টাকা। মূল ট্রান্সফার ফি ১১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ১২ কোটি ইউরোর মধ্যে হতে পারে, বাকি অর্থ বিভিন্ন শর্ত পূরণের ওপর নির্ভর করবে।
দিওমান্দে যদি সব শর্ত পূরণ করেন, তবে তিনি রেয়াল মাদ্রিদ ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হবেন, পেছনে ফেলবেন জুড বেলিংহাম ও ইডেন হ্যাজার্ডকে। তরুণ প্রতিভা হিসেবে দিওমান্দে বুন্দেসলিগায় গত মৌসুমে ১২ গোল করার পাশাপাশি ৮ গোলের সহায়তা করেছেন।
বিশ্বকাপেও আইভরিকোস্টের জার্সিতে দিওমান্দের পারফরম্যান্স নজর কাড়ে। দুই বছর আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা বিচের ডিএমই একাডেমিতে খেলতেন তিনি। ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব লেগানেসে যোগ দেন এবং দ্রুত লাইপজিগে স্থান পান।
গত মৌসুমে বুন্দেসলিগায় ১১৮টি সফল ড্রিবল করে দিওমান্দে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে চার ম্যাচে ১১টি গোলের সুযোগ তৈরি করেছেন।
দিওমান্দে বলেন, “আমি নকল জার্সিতে রোনালদোর নাম লিখেছিলাম। আমার প্রথম জন্মদিনের উপহার ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নকল জার্সি। তখন আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না।”