মানিকগঞ্জের প্রধান বাস টার্মিনাল অব্যবস্থাপনার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
রাস্তার ওপর যেখানে–সেখানে পার্কিং করায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পৌর কর্তৃপক্ষকে জনদুর্ভোগের বিষয়টি লিখিতভাবে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ১৯৯৮ সালে নির্মিত এই বাস টার্মিনাল আশপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার শিকার হচ্ছে।
দীর্ঘদিন জমে থাকা কাঁদা ও নোংরা পানিতে সড়ক ও ফুটপাত একাকার হয়ে যায়। স্থানীয়দের চলাচলসহ পরিবহন শ্রমিক ও যাত্রীদের বাসে ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভোগান্তির সমাধান চেয়ে পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও সুফল পাননি বলে জানিয়েছেন বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন। তিনি বলেন, ‘পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও কোনো সুফল পাইনি।’
এদিকে, পৌরসভা কর্তৃপক্ষ জলাবদ্ধতায় মানুষের ভোগান্তির কথা স্বীকার করলেও সমস্যার সমাধান কবে হবে তা জানাতে পারেননি। মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, ‘জলাবদ্ধতার কারণে নাগরিকদের অসুবিধা হচ্ছে। তবে আমরা এটি সমাধানের চেষ্টা করছি।’
প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ২১ জেলায় পাঁচ শতাধিক বাস চলাচল করে, যা এই সমস্যাকে আরও জটিল করে তুলছে।