কুষ্টিয়া সদর উপজেলার ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে কাওসার হোসেন (২৫) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলাম পাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া শহরের উদিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন।
নিহত কলেজ ছাত্রের বন্ধু শাওন জানান, বেলা সাড়ে ১২টার দিকে কয়েকজন বন্ধু ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। পুকুরের একপাশ থেকে সাঁতরে অন্য পাশে যাওয়ার সময় কাওসার মাঝ বরাবর এসে "বাঁচাও; বাঁচাও" বলে চিৎকার শুরু করেন।
শাওন দ্রুত কাওসারকে টেনে তোলার চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে তারা দুজনেই তলিয়ে যান। শাওন পরে পানির ওপরে উঠে আসেন।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে কাওসারের মৃতদেহ উদ্ধার করেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
কাওসারের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।