দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ওই নারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
২৫ জুলাই শনিবার ভোর রাতে বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১ নম্বর মেইন পিলারের ২০ সাব-পিলারের কাছে ৯ জন নারীকে জড়ো করে বিএসএফ। বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলাকালে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, দিনভর নাটকীয়তার পর রাত ৮টার দিকে বিএসএফ আবারও জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা চালায়। তবে বিজিবির কার্যকরী পদক্ষেপের কারণে তারা সফল হতে পারেনি।
রাত প্রায় ৩টার দিকে বিএসএফ ওই ৯ জন নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। এই ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান বজায় রেখেছে।