বাংলাদেশে মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানে কয়েক সেকেন্ডের মধ্যে টাকা পাঠানোর লক্ষ্যে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) চালুর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত একটি সেমিনারে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের মোবাইল আর্থিক সেবাগুলো মূলত আলাদা নেটওয়ার্কে পরিচালিত হচ্ছে, ফলে এক সেবাদাতা থেকে অন্য সেবাদাতায় সরাসরি অর্থ স্থানান্তর সীমিত রয়েছে। এছাড়া বৈধ পথে প্রবাসী আয় পাঠাতে গড়ে সাড়ে ৬ শতাংশ খরচ হওয়ায় অনেকেই অবৈধ পথে অর্থ পাঠাতে বাধ্য হচ্ছেন।
আইআইপিএস চালু হলে, মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত অর্থ স্থানান্তর সম্ভব হবে। পিআরআইয়ের সেমিনারে বক্তারা জানান, দেশে ডিজিটাল লেনদেনের পরিধি দ্রুত বাড়লেও, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পূর্ণাঙ্গ আন্তঃসংযোগ এখনও গড়ে ওঠেনি।
বিআইবিএমের মহাপরিচালক ড. এজাজ আহমেদ বলেন, আইআইপিএসের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর উল্লেখ করেন, ইকো সিস্টেম উন্নত না হওয়ার কারণে ডিজিটাল লেনদেন জনপ্রিয় হচ্ছে না। সঠিক নীতি গ্রহণ করা গেলে দেশে অতিরিক্ত ২ থেকে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসতে পারে।
তিনি কিউআর কোডের জনপ্রিয়তা বাড়াতে খরচ কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।