দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে পণ্য রফতানির পরিমাণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ উদ্যোগ গ্রহণ করেছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর থাই দূতাবাসের আয়োজনে একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, 'অগ্রাধিকারে রয়েছে ওষুধ, পাট পণ্য ও প্রক্রিয়াজাত খাবার।' তিনি এ সময় বাংলাদেশের বিনিয়োগের পরিবেশকে চমৎকার উল্লেখ করে বলেন, 'জটিলতা নেই জমি, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। তাই বিদেশিদের এখানে বিনিয়োগ করা উচিত।'
মন্ত্রী আরও বলেন, 'আমি বাংলাদেশি ব্যবসায়ীদের থাইল্যান্ডে আমাদের পণ্য ও সেবা রফতানির সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানাই। টেকসই অর্থনৈতিক সহযোগিতা অবশ্যই পারস্পরিকভাবে লাভজনক হতে হবে।'
প্রদর্শনীর আয়োজকরা জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য ব্যবসায়ীদের মধ্যে আরও যোগাযোগ প্রয়োজন। অভিজ্ঞতার বিনিময় হতে পারে পর্যটন ও কৃষিকে ঘিরে, যা ভারসাম্যমূলক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করবে।
প্রদর্শনীতে থাইল্যান্ডের ৫৭টি শীর্ষ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং এটি আগামী শনিবার শেষ হবে।