সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বর্তমানে তিনি হাজতখানায় রয়েছেন।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মোজাফফর হোসেনকে আদালতে তোলার পরিকল্পনা রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করেছে।
গত মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মোজাফফরকে আদালতে হাজির করার নির্দেশ দেন। এর আগে, তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) আটক করে।
মোজাফফর হোসেন ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। ১৬ জুলাই তাকে আটক করার পর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনাসদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই হত্যাকাণ্ডের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।