দিনাজপুরের খানসামা উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক রুসুল করিম বাবু (৪২) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় বাবুর অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী নসিমনের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রুসুল করিম বাবু নিহত হন।
দুর্ঘটনায় আহত চারজন যাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত রুসুল করিম বাবু নীলফামারী জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রয়াত রহিম উদ্দিনের ছেলে। নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় অটোরিকশাটি দ্রুত গতিতে চলছিল।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।