স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন (ইসি) আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে। এতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য ঘোষণার প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি দ্বৈত নাগরিকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার সুপারিশও করা হয়েছে।
ঋণ খেলাপির বিষয়েও আলোচনা হয়েছে। ইসি সচিব জানিয়েছেন, বন্ধকদাতা এবং জামিনদারদের ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার প্রস্তাবনায় নীতিগতভাবে সম্মতি দেওয়া হয়েছে।
এছাড়া, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চার্জশিটভুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাবও করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, প্রতি ১৫ বছর পর এনআইডি নবায়ন করা হবে এবং আবেদনকারীদের পরিবারের সদস্যদের তথ্য প্রদান করতে হবে।
১৫ বছরের কম বয়সীদের এনআইডি প্রদানের পরিকল্পনাও রয়েছে, তবে এর জন্য সর্বনিম্ন বয়সসীমা পরে নির্ধারণ করা হবে।