প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, সরকার অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না। তিনি মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
ডা. জাহেদ বলেন, যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করা হবে। এ বিষয়ে অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে এবং এ সপ্তাহেই এর প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও জানান, পুলিশ ও প্রশাসনে থাকা গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ১৭ বছরের ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, যদি কোনো মন্ত্রী ভালো পারফর্ম না করেন, তবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। দফতর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে, তবে এর সময়সীমা নিশ্চিত করেননি তিনি।
এছাড়া, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় এক বছরেও ক্ষতিপূরণ ঘোষণা করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে ডা. জাহেদ জানান, সরকার যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে।