ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হলে তাদের সামরিক ক্ষেত্রে একটি ‘সুবিধাজনক অবস্থান’ নিশ্চিত করতে হবে।
তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সংকট মোকাবিলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো যুদ্ধবিরতি ঘোষণা করার সঠিক সময় নির্ধারণ করা।
আরাঘচি বলেন, যুদ্ধের সমাপ্তি দুটি উপায়ে সম্ভব—একটি হলো নিরঙ্কুশ সামরিক বিজয়ের মাধ্যমে, অন্যটি আলোচনার মাধ্যমে।
তিনি উল্লেখ করেন, 'আলোচারের উপযুক্ত সময় তখনই আসবে, যখন সামরিক ক্ষেত্রে নির্ভরযোগ্য সাফল্য এবং কৌশলগত অর্জন নিশ্চিত হবে।'
দেশটির জনগণের জীবন এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না বলেও জানান তিনি।
আরাঘচি আরও বলেন, রাজনীতিবিদদের সব সময় মূল্যায়ন করতে হবে যে যুদ্ধ চালিয়ে গেলে লাভ বাড়বে, নাকি এতে মানবিক ও জাতীয় ক্ষতির মাত্রা বৃদ্ধি পাবে।