সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।
আজ সোমবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৬৫ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ১০৫ জন এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন রোগীও চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়নি, তবে একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ৫৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। চিকিৎসকেরা শিশুদের পুষ্টিহীনতার অভাবকে এই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন।