গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৭ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, রাজশাহী বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৪২ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরে মোট ১০ হাজার ৪৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৪৪০ জন।
এছাড়া, চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এই পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।