মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার বলেছেন, ইরানের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন আগের চেয়ে আরও খারাপ।
তিনি সিএনএনের সঙ্গে আলাপকালে জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানে সরকারের পরিবর্তনের সম্ভাবনা নেই। বরং যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও জটিল হয়ে উঠেছে।
ক্রোকার বলেন, 'যুদ্ধ শুরুর আগে যে অবস্থায় ছিল, এখন তার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।'
১৯৮৩ সালে লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এই কূটনীতিক আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রাখা।
তিনি উল্লেখ করেন, এটি নিশ্চিত করতে হলে কূটনৈতিক উদ্যোগ, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজনীয় সামরিক পদক্ষেপের সমন্বয় প্রয়োজন।
ক্রোকার বলেন, ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা অতিরিক্ত উচ্চাভিলাষী হবে। বরং যুদ্ধ শুরুর সময় যে অবস্থানে যুক্তরাষ্ট্র ছিল, অন্তত সেখানে ফিরে যাওয়াই এখন অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে বলেন, 'ইরানিরা যুদ্ধ করতে জানে। দীর্ঘায়িত এই সংঘাত দেশটির শাসনব্যবস্থাকে আরও কঠোর ও অনমনীয় করে তুলেছে।'
ক্রোকারের মতে, কেবল বোমা হামলা চালিয়ে ইরানকে 'নতি স্বীকারে বাধ্য করা সম্ভব নয়'।