সোমবার, ২০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্লুইসগেটের দায়িত্ব স্থানীয় প্রশাসন নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসন স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে।

স্লুইসগেটের দায়িত্ব স্থানীয় প্রশাসন নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, "এতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো স্লুইসগেট খুলে দিয়ে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমানো যাবে।"

শনিবার কক্সবাজারের পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, "বন্যা পুরোপুরি প্রতিরোধের কোনো মহৌষধ নেই। নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা।"

তিনি বলেন, "তবে ক্ষয়ক্ষতি কমাতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।"

সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে সময় কাটান। তিনি ভাঙা সড়ক, ক্ষতিগ্রস্ত কালভার্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

দুপুরে পেকুয়ায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বন্যায় গৃহহীন ২০টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রতিটি পরিবারকে একটি করে খাটসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও উপহার দেওয়া হয়।

এর আগে শুক্রবার তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

বিজ্ঞাপন