রবিবার (১৯ জুলাই) চ্যানেল আইয়ে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। একইসাথে কিংবদন্তি অভিনেত্রী কবরী, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন এবং ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্মদিনও রয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন বিশেষ অনুষ্ঠান, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রচার করা হবে। হুমায়ূন আহমেদকে স্মরণ করে শনিবার দিবাগত রাত ১টা এবং রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। ফরিদুর রেজা সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে কবি হাসান হাফিজ, প্রকাশক মাজহারুল ইসলাম এবং অভিনেতা ডা. এজাজুর রহমান অংশগ্রহণ করবেন।
সকাল ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘নন্দিত নরকে’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে ইফতেখার মুনিম পরিচালিত তথ্যচিত্র ‘রোমাঞ্চ লেখনীর জাদুকর: কাজী আনোয়ার হোসেন’, যেখানে জনপ্রিয় লেখকের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরা হবে।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘মোহময়ী কবরী’ প্রচারিত হবে, যেখানে সিনিয়র সাংবাদিক আবদুর রহমান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কবরীর অভিনয়জীবন ও অবদান নিয়ে আলোচনা করবেন। দিনের শেষ আয়োজনে রাত ৮টা ২০ মিনিটে ‘যুবকদ্বয় আজ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আফজাল হোসেন, যিনি দীর্ঘ অভিনয়জীবন ও নির্মাণ ভাবনা নিয়ে কথা বলবেন।