দেশের ক্রীড়াঙ্গণে স্বচ্ছতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৯০ দিনের মধ্যে ২৬টি ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে একটি গঠিত কমিটি।
কমিটি জানায়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর নির্বাচনও একই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম ধাপে ২৬টি ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ জমা দেওয়া হয়েছে। বাকি ফেডারেশনগুলোর সুপারিশ আগামী সাত দিনের মধ্যে জমা দেওয়া হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বলেন, দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন বর্তমানে দীর্ঘদিনের একপেশে কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ফলে ক্রীড়াঙ্গণে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ২৬টি কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারে।’
কমিটির সদস্যরা জানান, নির্বাচিত প্রতিনিধিরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। নির্বাচন পরিচালনায় সক্ষম ব্যক্তিদের কমিটিতে রাখা হবে।
এ সময়, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে প্রশংসা করে রেদোয়ান বলেন, ‘তিনি ক্রীড়াঙ্গণের উন্নয়নে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন।’
কমিটির সদস্য আমিনুল হক দেওয়ান সজল বলেন, ‘ক্রীড়াঙ্গণে রাজনীতিকে প্রাধান্য দিতে চাই না। আমাদের লক্ষ্য হবে যোগ্য ও নিবেদিতপ্রাণ সংগঠকদের মাধ্যমে দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়া।’