ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের কারণে মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জার্মানির জনস্বাস্থ্য সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছরে তীব্র গরমে ৫ হাজার ১২০ মানুষের মৃত্যু হয়েছে।
এই মৃত্যুর মধ্যে প্রায় ৪ হাজার ২৭০ জনের বয়স ৭৫ বছরের বেশি। ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি ইউরোপের অন্যান্য দেশগুলিতেও প্রভাব ফেলেছে।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, পশ্চিম ইউরোপে জুন মাসের গড় তাপমাত্রা ছিল ২০.৭৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় ৩ ডিগ্রি বেশি।
এছাড়া, জুন মাসের তাপপ্রবাহের ফলে ফ্রান্স, বেলজিয়াম, স্পেন ও নেদারল্যান্ডসে ৪ হাজার ৭০০ এর বেশি মানুষের মৃত্যু হয়। এই সময়ে আইবেরীয় উপদ্বীপ ও ফ্রান্সে দাবানলও ছড়িয়ে পড়ে এবং খরা পরিস্থিতি তীব্র হয়।