যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ভেস্তে গেলে নতুন সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ ও চলতি বছরের ৪০ দিনের সংঘাতের পর আরেকটি যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
আগামী ১৬ আগস্ট শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের ৬০ দিনের মেয়াদ। এ সময়ের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে তেহরান ও ওয়াশিংটন। তবে স্মারকের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতপার্থক্য রয়ে গেছে।
তেহরান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম সতর্ক করে বলেছেন, সমঝোতা ভেস্তে গেলে নতুন যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতা স্মারকের শর্তগুলো মেনে না চলে, তাহলে ইরান তৃতীয় একটি যুদ্ধের মুখোমুখি হতে পারে, যা আগের সংঘাতগুলোর চেয়েও বিধ্বংসী হবে।
২০২৫ সালে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে ১৩ দিনের যুদ্ধ হয়। এরপর ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত টানা ৪০ দিন চলে, যা ছিল আগের বারের চেয়ে আরও জোরালো। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য নতুন সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গভীর সংকটের মুখে ঠেলে দিতে পারে।
তবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সংঘাতের অবসান ও কূটনৈতিক সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।