মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।
সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বৈঠকটি আর হচ্ছে না। ফলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফর পরিকল্পনাও বাতিল করা হয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি আলোচনা স্থগিত হলেও তারা এই প্রক্রিয়াকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি বুর্গেনস্টকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয়।
এদিকে, ইরানের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে ইরান জানিয়েছিল, তারা ১৪ দফা চুক্তির পর অন্তত ৬০ দিনের ভঙ্গুর যুদ্ধবিরতি বাড়ানোর শর্তে প্রযুক্তিগত আলোচনায় অংশ নিতে প্রস্তুত ছিল।