২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে আটকাতে ব্যর্থ হয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা জর্ডান। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারার, সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জর্ডান ৩-১ গোলে পরাজিত হয়।
ম্যাচের ২০তম মিনিটে অস্ট্রিয়ার রোমানো শ্মিড একটি বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে দেন। তবে বিরতির পর জর্ডান ম্যাচে ফিরে আসে। ৫০তম মিনিটে আলি অলওয়ান দূরপাল্লার দুর্দান্ত শটে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে, অস্ট্রিয়ার বদলি খেলোয়াড় মার্কো আর্নাউটোভিচ একটি গোল করলেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। ৭৬তম মিনিটে জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরাব একটি আত্মঘাতী গোল করেন, যার ফলে অস্ট্রিয়া আবারও এগিয়ে যায়।
যোগ করা সময়ে আর্নাউটোভিচ পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত অস্ট্রিয়া ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী, জর্ডান গড়ে তুলেছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা। পুরো ম্যাচে বলের দখলে অস্ট্রিয়া ৬৩ শতাংশ নিয়ন্ত্রণ রাখলেও, আক্রমণের পরিসংখ্যানে জর্ডান পিছিয়ে ছিল না। দুই দলই সমান ১১টি করে শট নেয় এবং লক্ষ্যে ৪টি করে শট রাখে।
জর্ডান বক্সের ভেতর থেকে ৭টি শট নেয়, যেখানে অস্ট্রিয়ার ছিল ৬টি। ড্রিবলিংয়ে জর্ডান সফলভাবে ১৫টি ড্রিবল সম্পন্ন করেন, অস্ট্রিয়ার ৩টি ড্রিবলের বিপরীতে।
ম্যাচের শেষ মুহূর্তে আর্নাউটোভিচের পেনাল্টি গোলটি বাদ দিলে লড়াইটি ছিল প্রায় সমানে সমান। সামান্য অনুকূল পরিস্থিতি পেলে জর্ডানের পক্ষে ম্যাচটি ড্র করাও সম্ভব ছিল।