বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়ে তিউনিসিয়ার ফুটবল দল শুরুতেই সমালোচনার মুখে পড়েছে। প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে পরাজয়ের পর তিউনিসিয়ার ফুটবল ফেডারেশন হেড কোচ সাবরি লামোউচির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে জানানো হয়েছে, কোচ সাবরি লামোউচির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫৪ বছর বয়সী এই ফরাসি কোচ পাঁচ মাস আগে তিউনিসিয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তার অধীনে দলটি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে।
গত রোববার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের কাছে বড় ব্যবধানে হারের পর ফেডারেশন তার প্রতি আস্থা হারিয়েছে। সাবরি যদি বরখাস্ত হন, তবে তিনি বিশ্বকাপ ইতিহাসে মাত্র একটি ম্যাচ পরিচালনার পর বরখাস্ত হওয়া প্রথম কোচ হিসেবে পরিচিতি পাবেন।
ম্যাচ শেষে কোচ সাবরি লামোউচি বলেন, ‘এটি খুব কঠিন ও কষ্টদায়ক হার। এত বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শুরু করা অনেক হতাশার। আমাদের আত্মসম্মান আছে, তাই ঘুরে দাঁড়াতে হবে।’
বর্তমানে গ্রুপ এফ-এর তলানিতে রয়েছে তিউনিসিয়া। তাদের সামনে এখনও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে—২১ জুন জাপানের বিপক্ষে এবং ২৬ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। কোচ বিদায় নিলে বিশ্বকাপে নতুন নজির তৈরি হবে। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে তিউনিসিয়ার হেড কোচ হেনরি কাসপারযাককেও বরখাস্ত করা হয়েছিল।