ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের প্রতিবাদে সুইজারল্যান্ডের জেনেভায় ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বিক্ষোভকারীরা পুঁজিবাদ ও একচেটিয়া ক্ষমতার বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন।
আসন্ন সম্মেলনটি সোমবার থেকে শুরু হতে যাচ্ছে, যা তিনদিনব্যাপী চলবে। বিক্ষোভকারীদের হাতে ছিল পুঁজিবাদ বিরোধী পোস্টার ও প্ল্যাকার্ড। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দেন, কিন্তু পুলিশ তাদের অগ্রসর হতে বাধা দেয়।
এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ে এবং লাঠি চার্জ করে। এই সংঘর্ষের সময় বিক্ষুব্ধ জনতা জাতিসংঘের ভবনে ইট পাটকেল ছুঁড়ে।
জি-৭ জোটের উৎপত্তি ১৯৭৩ সালের বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকটের পর থেকে। সোমবার ফ্রান্সে এই সংগঠনের ৫২ তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০০৩ সালে এভিয়ানে অনুষ্ঠিত সম্মেলনের সময় জেনেভায় ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার ৩৫টি সীমান্ত পারাপারের মধ্যে মাত্র ৭টি খোলা রাখা হয়েছে।